আমাদের কাছে প্রভাবশালী তারাই, যারা নির্যাতিত-নিপীড়িত: নওগাঁর এসপি

নির্যাতিত-নিপীড়িত ব্যক্তিরাই পুলিশের কাছে প্রভাবশালী বলে মন্তব্য করেছেন নওগাঁর এসপি মো. কুতুব উদ্দিন। আজ বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের হলরুমে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

 

আমাদের কাছে প্রভাবশালী তারাই, যারা নির্যাতিত-নিপীড়িত: নওগাঁর এসপি

 

এ সময় পুলিশ সুপার বলেন, ‘সাধারণ মানুষই আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তারা পুলিশের কাছে এলে তাদেরকে সম্মানের সাথে সমস্যা শুনে তার আইনগত প্রতিকার করা হবে। পুলিশকে আরও জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।’

 

 

পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, ‘আমরা প্রভাবশালী সংজ্ঞার পরিবর্তন করতে চাই। আমাদের কাছে প্রভাবশালী তারাই যারা নির্যাতিত নিপীড়িত। আমরা তাদের পাশে থেকে আইনগত প্রতিকারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আর যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।’

মতবিনিময় সভায় সাংবাদিকেরা নওগাঁয় অসহনীয় যানজট, মাদকব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হকসহ প্রমুখ।

Leave a Comment